পথ শিশুদের ভালোবাসা দিলেন চুয়েট শিক্ষার্থীরা

সাঈদ চৌধুরী:

বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এর শিক্ষার্থীরা ভালোবাসা ভাগ করে নিলো পথশিশুসহ দুস্থ ও অসহায় মানুষদের সাথে।

গেলো ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রাম নগরজুড়ে প্রায় ৩২০জন পথশিশু ও অসহায় মানুষদের আহারের ব্যবস্থা করেছেন তারা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শহরের প্রধান পাঁচটি পয়েন্ট নিউমার্কেট, জামালখান, কাজির দেউড়ি, চকবাজার, ষোলশহরের প্রায় তিনশ’র অধিক মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন তারা। সুশৃঙ্খলভাবে প্রায় ৪০ জন চুয়েট শিক্ষার্থী এই কাজে স্বেচ্ছাসেবী হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এটির উদ্যোগ নিয়েছিলেন চুয়েটের  শিক্ষার্থী সোমেন দাশ গুপ্ত,পামেল দাশ, আশরাফুল আলম তামিম, রিপ্ত দাশ ও মোহাম্মদ আব্দুল্লাহ। ১৩ ফেব্রুয়ারী রাতে চুয়েটের আবাসিক হলগুলোর কক্ষে গিয়ে এই কাজের অর্থ সংগ্রহ করেছেন।

এতে চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীগণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠন আর্থিকভাবে সহায়তা প্রদান করেন।আগামীতেও এরুপ কাজ চলমান থাকার আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন উক্ত শিক্ষার্থীরা।