ইনজামাম উল হকঃ
প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষে পা রাখল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভিত্তিক অনলাইন রেডিও চ্যানেল রেডিও চুয়েট ।এই উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে রেডিও চ্যানেলটির প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে রেডিও চুয়েট সংশ্লিষ্টরা ছাড়াও চুয়েটের বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যরা অংশ নেন ।
অনুষ্ঠানের শুরুতে গত এক বছরের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন রেডিও চ্যানেলটির সহ-প্রতিষ্ঠাতা তন্ময় বিশ্বাস।এরপর চুয়েটের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা রেডিও চুয়েটকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। পরে কাটা হয় বর্ষপূর্তি উৎসবের কেক। সর্বশেষে আতশবাজির আলোক উৎসবের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয় ।
উল্লেখ্য, রেডিও চুয়েট আনুষ্ঠানিকভাবে প্রথম সম্প্রচারে যায় ২০১৫ সালের ১ জানুয়ারি । সেদিন রাত ১০ টায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মাদ শাহ হলের বর্ধিতাংশের ৩ নম্বর রুম থেকে, এক ঘন্টাব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হয়।
বর্তমানে প্রতি সপ্তাহের বৃহস্পতি কিংবা শুক্রবারে কয়েকঘন্টাব্যাপী বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে রেডিও চুয়েট । এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অনুষ্ঠান হল এক মিনিটের চুয়েট, বাশ বাগানের আড্ডা, অদৃশ্য বারো তলা ইত্যাদি ।
বর্ষপূর্তি উৎসবের ব্যাপারে জানতে চাইলে রেডিও চুয়েটের অন্যতম প্রতিষ্ঠাতা তৌহিদ ইসলাম অরিয়ন চুয়েটনিউজ২৪কে বলেন, ২য় বর্ষে পৌছাতে পেরে খুবই ভাল লাগছে।এই ক্যাম্পাসকে চুয়েটের বাইরে তুলে ধরাই আমাদের লক্ষ্য । এই লক্ষ্যে চুয়েট শিক্ষার্থীদের স্বরচিত গানগুলো আমরা মিউজিক ভিডিও আকারে প্রকাশ করার কাজ করছি ।
তারিখঃ ০২/০১/২০১৭ ইং
