চুয়েটের অচলাবস্থা নিরসনে ইউজিসির পরামর্শক কমিটির বৈঠক

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৈঠক করে কমিটি। এসব আলোচনার ভিত্তিতে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা।

সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। এরপর বিকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও তাঁদের মতবিনিময়ের কথা রয়েছে।

পরামর্শক কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। কমিটির সদস্যসচিব ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। এ ছাড়া কমিটিতে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

শিক্ষকদের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থান ও আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন বলে জানিয়েছেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান। সাংবাদিকদের তিনি বলেন, চলমান পরিস্থিতি নিয়ে কমিটির কাছে শিক্ষকদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে লিখিত নথিপত্র দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও তাঁদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।

অধ্যাপক রাশিদুল হাসান আরও বলেন, কমিটি শিক্ষকদের বক্তব্য শুনেছেন। তাঁরা আশা করছেন, আলোচনায় উঠে আসা বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হবে। এর মধ্য দিয়ে অচলাবস্থা নিরসনে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল বলেন, শুরু থেকেই তাঁরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। আজকের বৈঠকে তাঁদের সেই অবস্থানের কথা কমিটিকে জানানো হয়েছে।

মতবিনিময় শেষে ইউজিসির সদস্য ও পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন সাংবাদিকদের বলেন, চুয়েটের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সমাধানের পথ খুঁজতে এ পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। প্রথম দিনে তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যও শোনা হবে। সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, যাতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির উন্নতি হয়।

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে পরামর্শক কমিটির সঙ্গে আলাদাভাবে দেখা করতে আসেন ছাত্রদলের ৬-৭ জন নেতাকর্মী। তাঁদের মধ্যে ছিলেন চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন।

কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার নিয়েও কাজ করি। বর্তমানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে এবং ক্লাস স্থগিত হয়েছে। উপাচার্য নিয়োগ রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সার্বিক প্রক্রিয়া। আমরা প্রতিপক্ষ হিসেবে আসিনি। তাদের ভিন্নমত থাকতে পারে। আমাদেরও ভিন্নমত থাকতে পারে। ওরা রাষ্ট্রের সিদ্ধান্ত মানছে না, বাধা দিচ্ছে। অনেকে উপাচার্যের সঙ্গে দেখা করতে এসেছিল, তাদের বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন একাডেমিক গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। যেহেতু এই কমিটি অচলাবস্থা নিরসনের জন্য গঠিত, তাই আমরা এখানে মতামত দিতে এসেছি। আমরা শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করি।”