রোটারি ক্লাবের উদ্যোগে চুয়েটে সাত শতাধিক গাছের চারা রোপণ

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)  পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাত শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল ও রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেলের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের বর্তমান সম্পাদক রোটারিয়ান প্রকৌশলী গোলাম কিবরিয়া মো. রিয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রেজওয়ান শাহেদী, ক্লাব সদস্য ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, রোটারিয়ান আহমেদ জামাল নাসের চৌধুরী, চুয়েটের সুরক্ষা বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা, চুয়েটের গবেষণা ও এক্সটেনশনের পরিচালক অধ্যাপক সজল চন্দ্র বণিক, চুয়েটের প্রধান প্রকৌশলী ও সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলাম এবং রোটারি রিপসা টিমের সার্ভিস প্রজেক্ট কো-অর্ডিনেটর সিপি মো. নজরুল ইসলাম নান্টু।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি সবুজায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।