চুয়েটনিউজ২৪ ডেস্ক:
আজ ০১ জুন (সোমবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) মন্দির স্থাপন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে চুয়েটের পূজা উদযাপন পরিষদ। আজ বিকেলে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে চুয়েটের ছাত্র-শিক্ষক কেন্দ্রের তৃতীয় তলায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চুয়েটে মন্দির স্থাপন নিয়ে প্রশাসনের পূর্বের কার্যক্রম বিশ্লেষণ করা হয় ও উক্ত দাবী বাস্তবায়নে সংগঠনটির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
চুয়েটের পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিরুদ্ধ দেব এ ব্যাপারে চুয়েটনিউজ২৪ কে বলেন, মাননীয় ভিসি স্যার ইতোপূর্বে বেশ কয়েকবার আমাদের মন্দিরের জায়গা নির্ধারণের বিষয়টি নিয়ে আশ্বাস দিয়ে গেছেন। অডিটোরিয়ামের পাশের খালি জায়গাটি তিনি আমাদের মন্দিরের জন্য বরাদ্দ করেছেন বলেও আশ্বস্ত করেছিলেন। কিন্তু তিনি পরে আবার তার মত পাল্টান এবং বর্তমানে চুয়েট ক্যাম্পাসের এরিয়ার বাইরে রাবান বাগানে মন্দিরের জায়গা প্রদান করার কথা বলেন। আমরা সনাতনী শিক্ষার্থীরা এতে সম্মতি প্রকাশ করছি না এবং শ্রদ্ধেয় সনাতন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী গণও এতে আমাদের সাথে একমত।
আমরা চাই খুব দ্রুত চুয়েট ক্যাম্পাস এরিয়ার ভিতরে আমাদেরকে মন্দিরের জন্য উপযুক্ত জায়গা প্রদান করা হোক।
এই উদ্দ্যেশ্যে আগামী ৩ জুলাই,২০২৪ তারিখে আমরা ভিসি স্যারকে স্মারকলিপি প্রদান করবো। সেদিন যদি তিনি আমাদের মন্দিরের জায়গা চুয়েট ক্যাম্পাস এরিয়ার ভিতরে উপযুক্ত স্থানে দিতে অমত পোষণ করেন এবং যথাযথ লিখিত কাগজপত্র এই ব্যাপারে আমাদের না দেন তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
উল্লেখ্য, চুয়েটে মন্দির স্থাপন নিয়ে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে পূজা উদযাপন পরিষদ সংগঠনটি। কিন্তু সময়ের সাথে এ ব্যাপারে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাচ্ছেন না বলে অভিযোগ সংগঠনটির সদস্যদের।