চলমান সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠক চুয়েট শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী সমিতির

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের ১৩তম দিনে সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। রবিবার (৪ অক্টোবর) উপাচার্য ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  শিক্ষক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামিউন বাসির। তিনি বলেন, “গতকাল (শনিবার) চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিরা সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনায় অংশ নেন। আলোচনায় চুয়েটের বর্তমান পরিস্থিতি এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। প্রতিনিধিবৃন্দ দাবিটির পক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন যুক্তি ও বাস্তবতাও তুলে ধরেন।”

তিনি আরও বলেন, “সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত ধৈর্য, আন্তরিকতা ও পর্যাপ্ত সময় নিয়ে শুনেছেন এবং প্রতিনিধিদের বক্তব্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। উপস্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমরা আশা করছি।”

প্রসঙ্গত, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

চলমান আন্দোলনের ১৩ দিনে শিক্ষার্থীরা মিছিল, মানববন্ধন, গণস্বাক্ষর, লাল কার্ড প্রদর্শন, মশাল মিছিল, দেয়াল লিখন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

শিক্ষার্থীদের পাশাপাশি তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দীর্ঘ ১৩ দিনের আন্দোলনের পর সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে প্রতিনিধিদের আলোচনার তথ্য সামনে আসায় চুয়েটের চলমান সংকট সমাধানে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।