মো. ফাহিম রেজাঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের আগমনের বর্ষপূর্তি পালন করেছে। এর আগে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বর্ষপূর্তি উপলক্ষে নাচ, গান আড্ডার আয়োজন করতেন। তবে এবার শিক্ষার্থীরা দিনটি উদযাপন করেছেন ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে প্রথম বছর পূর্তি উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, এক সুরে তাল মিলিয়ে ইসলামিক সংগীত, নাতে রাসূল এবং আল্লাহর প্রশংসায় বিভিন্ন হামদ পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক যন্ত্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহির মাহমুদ তাজওয়ার বলেন, আমার খুব পছন্দের একটি আয়াত হচ্ছে ‘اِدْفَعْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُ’ অর্থাৎ মন্দকে প্রতিহত কর ভালো কাজ দ্বারা। অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদেই আমাদের এমন আয়োজন। এমন আয়োজনের মধ্য দিয়ে অপসংস্কৃতির অন্ধকার মুছে সুস্থ সংস্কৃতির সূর্য উঠবে বলে আমরা বিশ্বাস করি।
কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের একই বর্ষের আরেক শিক্ষার্থী ফারদিন চুয়েটনিউজ২৪কে বলেন, আজ আমাদের ক্যাম্পাসে আমরা একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানে কুরআন থেকে তিলাওয়াত করা হয়েছে এবং নাশিদ পরিবেশন করা হয়েছে। পশ্চিমা সংস্কৃতি গ্রহণকে অস্বীকৃতি জানানোই ছিল আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ইসলামের মূল্যবোধ ও ঐতিহ্যকে ধরে রাখা এবং তরুণ প্রজন্মের মধ্যে এর গুরুত্ব তুলে ধরতেই আমাদের এই আয়োজন।
নতুন এই ইসলামিক ধারায় বর্ষপূর্তি দিবস পালন
করায় প্রশংসিত হয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অনেকে। এই ধারা অব্যাহত থাকুক চান সাবেক ও বর্তমান অনেক ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরা।