চুয়েটে যাত্রা শুরু করল ‘ওয়াটার রিসোর্সেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন-ডব্লিউআরআরও’

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের উদ্যোগে গত ৩০ নভেম্বর(রবিবার) উদ্বোধন হয়েছে নতুন সংগঠন ‘ওয়াটার রিসোর্সেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ডব্লিউআরআরও)’। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের সম্মেলন কক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন জটিল সফটওয়্যার শেখা, থিসিস থেকে জার্নাল পাবলিকেশন সহ সব ধরনের একাডেমিক সহায়তা প্রদানে সহযোগিতার পরিকল্পনা নিয়ে এ ক্লাবটি যাত্রা শুরু করেছে বলে জানা যায়।


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক । বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পানিসম্পদ কৌশল বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা রহমান জুথি এবং উপদেষ্টা হিসেবে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউন বাসির । এসময় উপস্থিত সকল অতিথিরা গবেষণা ভিত্তিক এমন ভিন্ন একটা সংগঠন তৈরির উদ্যোগের প্রশংসা করেন এবং শুভ কামনা জানিয়ে সংগঠনের সাফল্য কামনা করেন।


নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হীরা দত্ত। সহ-সভাপতি হয়েছেন মো. রিয়াদুন নবি এবং সেহেবা ইয়ামিন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মারিয়াম খাতুন জিম এবং অর্থ সম্পাদক পদে মুশফিকুল আলম। সাংগঠনিক সম্পাদক হিসেবে সীমান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান নাবিল ও রুদ্র বণিক সহ প্রমুখ। কমিটির দ্বায়িত্বপ্রাপ্ত সকল সদস্যই চুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থী।


ডব্লিউআরআরও এর নবনির্বাচিত কমিটির সভাপতি হীরা দত্ত চুয়েটনিউজ২৪ কে জানান, ” বিশ্ববিদ্যালয়ের থিসিসের জন্য কিংবা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে নিজের প্রোফাইল ভারী করার লক্ষ্যে ,‌ গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একাডেমিক জীবনের শুরু থেকেই যেন অল্প অল্প করে শিখে শিক্ষার্থীরা গবেষণার ব্যাপারে নিজেদের আগ্রহ গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরু।”