সাব্বির হোসাইন :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জুম প্ল্যাটফর্মে শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওই রাত থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির জরুরি সভার সিদ্ধান্তে আরও বলা হয়, সমিতির সম্মানিত সদস্যদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি।
এ ব্যাপারে জানতে চাইলে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ চুয়েটনিউজ২৪-কে বলেন, “কিছুক্ষণ আগে আমাদের সভা হয়েছে। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো চালু থাকবে।”
এর আগে বৃহস্পতিবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সিদ্ধান্ত ও অবস্থান জানানো হয়। এতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।