জারীন তাসমীন সাবা:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ভবনের ভেতরে রেখেই উপাচার্য ভবনের ফটকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২টার মধ্যে উপাচার্য ভবন ছাড়ার জন্য তাঁকে সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা।
সোমবার সকালে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই ক্যাম্পাসে আসেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে দপ্তরে প্রবেশ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন।
উপাচার্যের ভবনে অবস্থানের খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়লে সেটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা, ফটকে তালা দেওয়া এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন তাঁরা। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য ভবন না ছাড়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
তালা দেওয়ার সময় শিক্ষার্থীদের ‘তালা, তালা, তালা হবে, ভিসি ভবন তালা হবে’ এবং ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। চলমান আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে টানা ২০ দিন ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।