চুয়েটে আঞ্চলিক ক্রিকেট লীগের শিরোপা কুমিল্লার ঘরে

ইবাদ হোসেন:

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ আঞ্চলিক ক্রিকেট লীগ আসরের। ১৪ ডিসেম্বর (রবিবার) ফাইনালে চট্টগ্রাম ভাইকিংস কে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় দুর্বার কুমিল্লা।

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম ভাইকিংস। হাসিবের ১৪ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ১২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে দুর্বার কুমিল্লা।চট্টগ্রাম ভাইকিংসের হয়ে বোলিংয়ে ৩ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন আবিদ। ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোহাম্মদের ১৯ বলে ৪১ রান করা সত্ত্বেও কুমিল্লার সায়েমের বোলিং নৈপুণ্যে ৮ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম ভাইকিংস। ফলশ্রুতিতে, ৩৫ রানের ব্যবধানে চতুর্থ আসরের শিরোপা নিশ্চিত করে দুর্বার কুমিল্লা।রানার্স আপ হিসেবেই এবারের আসর শেষ করতে হয় চট্টগ্রাম ভাইকিংসকে। ফাইনালে ম্যাচ সেরার খেতাব পান পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব।

ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল দুর্বার কুমিল্লাকে শিরোপা তুলে দেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম ও চুয়েট স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বি। বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. মাহবুবুল আলম বলেন,”আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা কেবল পুঁথিগত জ্ঞান অর্জনের মাধ্যমেই বেড়ে উঠুক। খেলাধুলার মাধ্যমে ছাত্রদের মাঝে নেতৃত্ব গুণাবলি ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হবে,যা ভবিষ্যতে তাদের পথ চলায় সহায়তা করবে।” চুয়েট স্পোর্টস ক্লাবের সভাপতি ইসতিয়াক আহমেদ বলেন,“ সকলের নিঃস্বার্থ সহযোগিতা ও দিকনির্দেশনার ফলে এই ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতায় ভবিষ্যতেও আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশা রাখি।”

ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে এবারের আসরে সবচেয়ে উজ্জ্বল ছিল হাসিব। পুরো আসরে সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে হন সর্বোচ্চ উইকেট শিকারি। পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে ৯২ রান সংগ্রহ করেন, যার সুবাদে আসর সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে, ১৭২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অহি।

উল্লেখ্য,৩১ অক্টোবর ২০২৫ তারিখে এই আসর শুরু হয়। এতে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।