
চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিস্তার ন্যায্য হিস্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মধ্যরাতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর (সোমবার) রাত সাড়ে এগারো টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় অত্র বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ফটকে এসে শেষ হয়।
এসময় মশাল হাতে শিক্ষার্থীরা ‘জাগো বাহে – তিস্তা বাচাও’, ‘ভারতের দালালেরা- হুশিয়ার সাবধান’, ‘ভারত যদি বন্ধু হও – তিস্তার পানি বুঝিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম নাঈম চুয়েটনিউজ২৪ কে জানান “ভারত আমাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলোর পর্যাপ্ত সুযোগ দেয় না। চট্টগ্রাম থেকেও উত্তরবঙ্গের মানুষের কষ্ট অনুভব করায় আমরাও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে মশাল মিছিলের আয়োজন করেছি। দেশের সার্বভৌমত্ব ও নদীস্বার্থ রক্ষায় আমাদের সকলকেই এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। ”
যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন,”উত্তরাঞ্চলের মানুষরা বরাবরই সবকিছুতে অবহেলিত। শুকনা মৌসুমে পানির অভাবে নষ্ট হয় ফসলি জমি, বর্ষায় যায় নদী ভাঙ্গনের মধ্য দিয়ে । আজকে ভারতের প্রভুত্বসূলভ আচরনের প্রতিবাদে এবং তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে চুয়েটের আমাদের এই মশাল মিছিল। আজকের এই মিছিলের বারুদ যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পরে ।”
উল্লেখ্য, বাংলাদেশের সাথে ভারতের তিস্তা নদীর পানির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলমান রয়েছে। ভারতের উজানে পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশে, বিশেষ করে শুষ্ক মৌসুমে, পানির তীব্র অভাব দেখা দেয়। এরই প্রতিবাদে আজ মশাল মিছিলের মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।