চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এর একমাত্র মার্স রোভার দল “চুয়েট মঙ্গলচারী” কর্তৃক আয়োজিত হলো ‘চুয়েট মঙ্গলচারী কর্মশালা ১.০’। গত ১৯ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের পিএমই সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাতে চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালার লক্ষ্য ছিল মার্স রোভার ও আধুনিক রোবোটিক প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেয়া এবং আগ্রহ তৈরি করা, আধুনিক রোবোটিক ব্যবস্থার সঙ্গে হাতে-কলমে পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলাদেশের মার্স রোভার কর্মসূচির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বর্তমানে পেট্রোবাংলায় কর্মরত চুয়েটের ১২তম বর্ষের শিক্ষার্থী ও চুয়েটের পূর্ববর্তী রোভার দলের প্রতিষ্ঠাতা মাইনুল হাসান। তিনি তাঁর সময়কার রোভার কর্মসূচি, অর্জন এবং বিভিন্ন প্রতিকূলতার অভিজ্ঞতা ব্যাখ্যা করেন ।
এছাড়াও বক্তব্য দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) রোভার দলের সাবেক দল প্রধান জাওয়াদ রহমান। তিনি মার্স রোভার প্রকল্পে যুক্ত থাকার মাধ্যমে কীভাবে শিক্ষার্থীরা উন্নত রোবোটিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারে, সে বিষয়ে আলোকপাত করেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন চুয়েট মঙ্গলচারী দলের উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহামেদ এবং মঙ্গলচারীর মডারেটর ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাইমুর রহমান। তারা শিক্ষার্থীদের গবেষণামুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব এবং দীর্ঘমেয়াদে রোভার প্রযুক্তিতে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানের একপর্যায়ে চুয়েট মঙ্গলচারী দলের সদস্য শাফকাত নাওয়াজ চৌধুরী দলের চলমান কার্যক্রম, কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের অবহিত করেন।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের রোবোটিক্স ও মহাকাশপ্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের মার্স রোভার প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চুয়েট মঙ্গলচারী দলটি ২০২৪ সাল থেকে অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি ও উন্নত রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী নকশা বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।