চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিকাল ডিজাইনপ্রেমী শিক্ষার্থীদের সংগঠন চুয়েট ক্যাড সোসাইটির ২০২৪-২৫ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) অনলাইন প্ল্যাটফর্মে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও ৩৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে মাকসুদ আলম জিয়ান (এডমিন), শায়ন পাল (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট), আমির বিধান (ইলাস্ট্রেশন), সামিন ইয়াসির আবিদ (ক্যাড), মৃন্ময় রায় রনি (সিমুলেশন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিফাত জামান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুস্তাকীম আহাম্মদ হিমেল এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে কনক চন্দ্র ভৌমিক মনোনীত হয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা আবু সাদাত মো. সায়েম ও একই বিভাগের প্রভাষক ও
সংগঠনের মডারেটর আব্দুল্লাহ আল রিফাত।
ক্যাড সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি তানভীর শাহরিয়ার বলেন, “ইনডাস্ট্রিয়াল সমস্যা সমাধান এবং গবেষণা খাতে মেকানিকাল ডিজাইন এবং সিমুলেশন সফটওয়্যার নিয়ে কাজ করাই আমাদের সোসাইটির লক্ষ্য।”
নব নির্বাচিত সাধারণ সম্পাদক শিহাব শাহরিয়ার বলেন, “যন্ত্রপ্রকৌশলী হিসেবে ক্যাড এবং সিমুলেশনের উপর দক্ষতা থাকা খুবই জরুরি। আমাদের মূল লক্ষ্য রিসার্চ এবং ইন্ডাস্ট্রিয়াল কাজে যেভাবে এই সকল সফটওয়্যার ব্যবহার হচ্ছে তার প্রশিক্ষণ প্রদান করা। কিভাবে রিসার্চ করা যায় তার প্রশিক্ষণ দেওয়া। যাতে আমরা প্রত্যেকে চাকরি এবং গবেষণাক্ষেত্রে এগিয়ে থাকি।”
উল্লেখ্য, সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতিবছর ত্রিমাত্রিক ডিজাইন, সিম্যুলেশন ও মেকানিকাল ডিজাইন নিয়ে কাজ করছে।