নির্মিত পরিবেশে স্থানিক ন্যায়বিচার নিয়ে চুয়েটে সেমিনার অনুষ্ঠিত

নাজমুল কবির সিয়াম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে “স্পেশিয়াল (ইন) জাস্টিস: হাউ ডাজ ইট ম্যানিফেস্ট ইন দ্য বিল্ট এনভায়রনমেন্ট?” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থাপত্য বিভাগের জুরি কক্ষে সেমিনারটি আয়োজিত হয়। এতে নির্মিত পরিবেশে স্থানিক ন্যায়বিচার, সামাজিক বৈষম্য, অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ এবং স্থপতিদের সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান বক্তা ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকান স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড অ্যালাইড আর্টসের অধ্যাপক ড. আদনান জিলুর মোর্শেদ। তিনি নগর পরিকল্পনা ও নির্মিত পরিবেশ কীভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুযোগ, অধিকার ও জীবনযাত্রাকে প্রভাবিত করে, তা বিভিন্ন উদাহরণের মাধ্যমে তুলে ধরেন। পাশাপাশি স্থাপত্য ও নগর পরিকল্পনায় সমতা, ন্যায়বিচার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, “স্থাপত্য কেবল নান্দনিকতা ও কাঠামোগত সৌন্দর্যের বিষয় নয়। মানুষের জীবন, অধিকার ও সামাজিক সুযোগের সঙ্গেও এটি গভীরভাবে সম্পর্কিত। একটি মানবিক ও ন্যায়সংগত নির্মিত পরিবেশ নিশ্চিত করা স্থপতিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

সেমিনারে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী। তিনি বলেন, “একজন স্থপতির দায়িত্ব শুধু সুন্দর ভবন তৈরি করা নয়; বরং এমন পরিবেশ সৃষ্টি করা, যেখানে সমাজের সকল শ্রেণির মানুষ সমানভাবে সুযোগ ও সুবিধা লাভ করতে পারে। স্পেশাল জাস্টিস নিয়ে এ ধরনের আলোচনা শিক্ষার্থীদের স্থাপত্যকে আরও বিস্তৃত সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে সহায়তা করবে।”