মোহাম্মদ ইয়াসির আফনান
২০২৪ এর পর আবারো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কেইস সলভিং প্রতিযোগিতা হাল্ট প্রাইজ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর উপর আয়োজিত এ প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।ক্যাম্পাস পর্যায়ে প্রতিযোগিতা চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপে প্রাথমিকভাবে কিছু সংখ্যক দল নির্বাচিত করা হবে। নির্বাচিত দলগুলো থেকে চূড়ান্ত ধাপে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য দল নির্বাচন করা হবে। প্রতিটি দলে থাকতে পারবে ৩-৫ জন সদস্য।
এবারের হাল্ট প্রাইজের রেজিস্ট্রেশন এর সর্বশেষ তারিখ ছিল ৬ ফেব্রুয়ারী। এ্যবস্ট্রাক্ট জমাদানের শেষ সময় ১০ই ফেব্রুয়ারী ।চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৮ই ফেব্রুয়ারি।
হাল্ট প্রাইজের ক্যাম্পাস পরিচালক আদিল রায়হান বলেন,
চুয়েটে হাল্টের মতো একটি প্রতিযোগিতার আয়োজন করতে পারা নি:সন্দেহে আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। ইতিমধ্যে প্রায় তিনশোর বেশি শিক্ষার্থী হাল্টের অন ক্যাম্পাস রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। আশা করি, চার রাউন্ড প্রতিযোগিতার পর আমরা শীর্ষ এবং সবচে’ ভালো আইডিয়াগুলোকে নির্বাচিত করতে পারবো, ইন শা আল্লাহ।
পাশাপাশি, হাল্টে যুক্ত হয়ে চুয়েটের শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার মাধ্যমে তাদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তাভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারবে বলে আমাদের বিশ্বাস।
আবারো হাল্ট প্রাইজ আয়োজিত হচ্ছে জেনে উচ্ছাস প্রকাশ করে ২২ আবর্তের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাফহীম রহমান বলেন, গত বছর হাল্ট প্রাইজে আমরা কেবল প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম, কিন্তু এবার প্রতিযোগী এবং আয়োজক উভয় ভূমিকায় ২২ ব্যাচ অংশগ্রহণের সুযোগ পাওয়াই এবার আমরা আরও বেশি আগ্রহী হয়ে অপেক্ষা করছি প্রোগ্রামটির পর্দা নামার।যেহেতু এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, তাই আশা করছি চুয়েটের শিক্ষার্থীরা পুরো দেশসহ বহির্বিশ্বে চুয়েটকে প্রতিনিধিত্ব করার এই সুযোগ পরিপূর্ণভাবেই কাজে লাগাবে।
উল্লেখ্য, প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের বিজয়ী দল পাবে ১০০ লক্ষ ডলার। ২০২৪ সালে সর্বশেষ প্রতিযোগিতাটি চুয়েটে আয়োজিত হয়।