নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চুয়েটে মানববন্ধন

নাজমুল হাসানঃ
সম্প্রতি নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলার প্রতিবাদে আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক মানববন্ধন আয়োজিত হয়। চুয়েট পূজা উদযাপন পরিষদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন। বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এটি আয়োজিত হয়।

চুয়েট পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋত্বিক মুরালের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি কানু কুমার দাশ এবং কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব। বক্তারা এরূপ হামলার নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান বলেন, বাংলাদেশ রাষ্ট্র যে চারটি মুলনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তার একটি ধর্মনিরপেক্ষতা। সাম্প্রদায়িক একটি চক্র বারবার এই ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আমরা চাই মানুষের সম্প্রীতি বজায় থাকুক। ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তির অপব্যবহার রোধ করার উদ্যোগ নিতে হবে। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের মাধ্যমে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্হা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, আকাশ সাহা নামক এক কলেজ ছাত্রের ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় গত শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ লোকজন। বিকালে উত্তেজনা আরও বাড়ে এবং সন্ধ্যায় তারা সাহাপাড়ার কয়েকটি বাড়িঘর ভাংচুর করে। পরে তারা টিনের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।