চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থার জন্য স্বার্থান্বেষী গোষ্ঠী ও কয়েকজন নীতিবিবর্জিত শিক্ষককে দায়ী বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির সভাপতির দাবি, শিক্ষার্থীদের উপাচার্য পুনর্বহালের মূল দাবি থেকে সরিয়ে চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগের দাবি তোলার মাধ্যমে আন্দোলনের পেছনে থাকা স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। এ পরিস্থিতিতে অচলাবস্থার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ এক বক্তব্যে চুয়েটনিউজ২৪-কে এসব কথা বলেন।
ওয়াসিফ রাশেদ বলেন, ‘একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ও হাতেগোনা কয়েকজন নীতিবিবর্জিত শিক্ষকের প্রত্যক্ষ মদদে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে, যা আমরা সমর্থন করি না। সায়েম স্যারের পুনর্বহালের দাবি থেকে সরে এসে চুয়েটের শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগের যে দাবি বর্তমানে তোলা হয়েছে, তা থেকে দুই মাস ধরে চলমান অযৌক্তিক আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য আজ সবার সামনে পরিষ্কার। যারা চুয়েটের অচলাবস্থার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে শিক্ষার্থীদের বলতে চাই, কারও দ্বারা প্রভাবিত হয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না করে ক্লাসরুমে ফিরে আসুন।’
এর আগে গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে উপাচার্য সায়েমকে পুনর্বহালের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।
গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে গতকাল বুধবার রাতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। আজ বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
এদিকে গতকাল বুধবার চুয়েটের শিক্ষক সমিতি আন্দোলনের দাবি নিয়ে নতুন অবস্থানের কথা জানায়। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির পরিবর্তে চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে একজনকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান শিক্ষকেরা। এ নিয়ে শিক্ষক সমিতির জরুরি সভাও অনুষ্ঠিত হয়। শিক্ষকদের এ অবস্থান পরিবর্তনের পর আন্দোলনের দাবি ও এর পেছনের উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেন চুয়েট ছাত্রদল।
আজ বৃহস্পতিবার চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চুয়েটের শিক্ষার্থীরা।