চুয়েটনিউজ২৪ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’। চুয়েটের অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনের (এসরো) তত্ত্বাবধানে এ দলটি বৈশ্বিক পর্যায়ে চূড়ান্ত পর্বের প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছে।
গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) নাসার এই প্রতিযোগিতার বৈশ্বিক পর্যায়ে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের তালিকা প্রকাশ করা হয়।
চুয়েট থেকে নির্বাচিত দল ‘প্রজন্ম অ্যাপোলো’-এর সদস্যবৃন্দ চুয়েটের এন্ড্রোমিডা স্পেস এন্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনের(এসরো) তত্ত্বাবধানে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । তারা হলেন- মো. রিদওয়ান করিম রিফাত (টিম লিড ও ডেভেলপার),তাসিন আহমেদ মুবদী (রিসার্চার), মালিহা মারিয়াম সারা (ভিডিও স্ক্রিপ্ট ও রিসার্চার), তৌসিফ আজম রাহিন (ডেভেলপার ও ভিডিও এডিটর), মোহাম্মদ মুহতাসিম খান (ইউআই/ইউএক্স ডিজাইনার) এবং নেওয়াজ শরীফ (রিসার্চার)। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, গত ২৮ অক্টোবর প্রতিযোগিতার চ্যালেঞ্জসমূহ প্রকাশ করা হয়। পরবর্তীতে ১৪ ও ১৫ নভেম্বর মূল আঞ্চলিক হ্যাকাথন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বব্যাপী ১ লাখ ৮১ হাজার ৮৩৫টি দল এবং বাংলাদেশ থেকে ৪ হাজার ৬৫৭টি দল অংশ নেয়। বাংলাদেশের মোট নয়টি জায়গায় এই স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। সর্বশেষ ১৭ নভেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) আয়োজিত বাংলাদেশ পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং পুরষ্কার তুলে দেয়া হয়।
নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশ করে দলের সদস্য মালিহা মারিয়াম সারা চুয়েটনিউজ২৪ কে বলেন, “চুয়েটের নবীন একটি দল হিসেবে আমাদের এই যাত্রা এতদূর গড়াবে, তা কল্পনাও করিনি। আমাদের কঠোর পরিশ্রম, দলগত সমন্বয় ও নিষ্ঠা শেষ পর্যন্ত সফল হয়েছে, যা আমাদের সবার জন্য এক অবিস্মরণীয় মাইলফলক।”
দলটির আরেক সদস্য তৌসিফ আজম রাহিন বলেন, “আমরা কিছু অর্থবহ অর্জনের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে উদ্বিগ্নতা এবং আত্মবিশ্বাস-দুটোকে সঙ্গী করেই নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমাদের দলের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসকে বাস্তব সাফল্যে রূপ দিতে পেরেছিলাম।”
এবিষয়ে এসরোর সভাপতি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারিয়া আনোয়ারা অধোরা বলেন, “এসরো প্রতিবছর নাসার আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ” কে কেন্দ্র করে চুয়েটের শিক্ষার্থীদের জন্য দল গঠন & তত্ত্বাবধান প্রোগ্রামের আয়োজন করে থাকে।এই বছর আমাদের সর্বমোট ১২টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও এর মধ্যে ‘প্রজন্ম আ্যাপোলো’ চট্টগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন ও গ্লোবাল নমিনি হয়।এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা চুয়েট শিক্ষার্থীদের মাঝে মহাকাশধর্মী গবেষণার চেতনাকে আরো উদ্বুদ্ধ করে থাকি এবং আশাকরি এসরো ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখবে।”
উল্লেখ্য, নাসার এই স্পেস অ্যাপ চ্যালেঞ্জ এবার ১৫তম বারের মতো আয়োজিত হচ্ছে । এর আগেও চুয়েট এসরো আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আসছে।