এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে প্রথম চুয়েট স্কুল অ্যান্ড কলেজের তামযীদ

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা। তিনি মোট ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন।

নিজের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামযীদ। ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করে প্রকৌশলী হতে চান তিনি। চুয়েটনিউজ২৪কে তামযীদ বলেন, ‘বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই।’

তামযীদের এমন সাফল্যে আনন্দিত তাঁর বাবা চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক রেজাউল করিম। ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন ওয়েব পোর্টালে দেখেছি, নম্বর অনুযায়ী ও প্রথম। অনুভূতি আলহামদুলিল্লাহ। বাবা-মা হিসেবে ব্যাপারটা খুবই আনন্দের। ও চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, সে অনুযায়ী ভালো ফল করতে পেরেছে।’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৮৭৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ।