পানির লাইন মেরামত করতে গিয়ে ইট পড়ে আহত কর্মচারী, হাসপাতালে দেখতে গেলেন চুয়েট উপাচার্য

তানভীর আহমাদ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) প্রকৌশল দপ্তরের প্লাম্বিং সহকারী মো. ইকবাল হোসেন রাজু দাপ্তরিক দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সার্জিস্কোপ হাসপাতালে তাঁকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

দুর্ঘটনায় আহত মো. ইকবাল হোসেন বলেন, “আমি গোলচত্বরের পাশে অফিসার্স ভবনের নিচে পানির লাইনের কাজ করছিলাম। কাজ করার সময় তিন তলার উপর থেকে একটি ইট নিচে পড়ে আমার পায়ের ওপর আঘাত করে। এতে আমার পায়ের হাড় ভেঙে যায় এবং রক্তাক্ত হয়ে যায়।”

চুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) কম্পিউটার অপারেটর মো: ইমরান আলী আহতের সেবায় হাসপাতালে অবস্থান করছেন। তিনি বলেন, “শুক্রবার সকাল ১১টার দিকে ইকবাল হোসেনের ফোন পাওয়ার পর আমি তাঁকে আহতাবস্থায় তাৎক্ষণিকভাবে চুয়েট মেডিকেলে সেন্টারে নিয়ে যাই এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে সার্জিস্কোপ হাসপাতালে নিয়ে আসি।সেদিন সন্ধ্যায় সাতটার দিকে অস্ত্রোপচার কক্ষে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। “

পরবর্তীতে হাসপাতালে পরিদর্শনকালে চুয়েট উপাচার্য কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত মো. ইকবাল হোসেনের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

এ সময় চুয়েট উপাচার্য বলেন, “চুয়েট প্রশাসন ও পুরো চুয়েট পরিবার সর্বাত্মকভাবে ইকবাল হোসেনের পাশে রয়েছে। তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে এবং এ সংক্রান্ত প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”