সাব্বির হোসাইন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের (এসপিই) স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন একই বর্ষের এবং একই বিভাগের শিক্ষার্থী অসিত মজুমদার।
গত ৩০ আগস্ট (রবিবার) পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি বিদায়ী কমিটির বিভিন্ন সময়ে আয়োজিত পোস্টার প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
১৫ সদস্যের কমিটিতে কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে শাউলী বোস, কোষাধ্যক্ষ হিসেবে মেহেদি হাসান মিরাজ, প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে আবিদ মাহমুদ হাসনাত, মেম্বারশিপ চেয়ারম্যান হিসেবে জান্নাতুল নায়েম ইসমি, ওয়েবসাইট ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক হিসেবে ইফাজ হোসেন, যোগাযোগ ও প্রচারবিষয়ক চেয়ারম্যান হিসেবে সাইফ আহমেদ এবং সামাজিক কার্যক্রমবিষয়ক চেয়ারম্যান হিসেবে জয় দাশ দায়িত্ব পালন করবেন ।
নবনির্বাচিত সভাপতি বোরহান উদ্দিন আহমদ চৌধুরী চুয়েটনিউজ২৪-কে বলেন,
“আমরা চাই এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করুক। নবগঠিত কমিটি হিসেবে আমরা সবাই মিলে নতুন ও কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।”
উল্লেখ্য, এসপিই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দক্ষ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।