চুয়েট ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতর্ক বিষয়ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের তৃতীয় তলায় অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, প্রধান সঞ্চালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. বশির জিসান এবং সঞ্চালক ও স্থাপত্য কৌশল বিভাগের সহকারী অধ্যাপক সজীব পাল।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কৌশিক কাব্য এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী হামিম আশরাফি।

৩৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন) পদে শাহরিয়ার বাঁধন ও মো. আব্দুল্লাহ তালবি, সহ-সভাপতি (মিছিল) পদে দেবজিত দাস গুপ্ত, সহ-সভাপতি (করতালি) পদে আসাদুল্লাহিল গালিব, সহ-সভাপতি (প্রভাতফেরি) পদে ফায়াজ নাবিল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমন্বিতা সরকার, সহকারী সাধারণ সম্পাদক পদে ইসরাত জাহান বুশরা, সাংগঠনিক সম্পাদক পদে সপ্রতিভ বড়ুয়া চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে আইনুন বুশরা, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে মো. নাঈম হাওলাদার, অর্থ সম্পাদক পদে মো. রাসেলসহ আরও অনেকে।

নবনির্বাচিত সভাপতি কৌশিক কাব্য বলেন, “চুয়েট ডিবেটিং সোসাইটির বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণ করা আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি বড় একটি দায়িত্বও। আগামী দিনে মিছিল, প্রভাতফেরি ও করতালি—আমাদের তিনটি উইংকে আরও সক্রিয় করে ক্যাম্পাসে নিয়মিত আয়োজনের পাশাপাশি জাতীয় পর্যায়েও চুয়েট ডিবেটিং সোসাইটিকে আরও শক্তভাবে উপস্থাপন করার ইচ্ছা রয়েছে। এই পথচলায় সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হামিম আশরাফি বলেন, “একটি কমিটি শুধু দায়িত্বের পরিবর্তন নয়, বরং নতুন কিছু করার প্রতিশ্রুতি। মিছিল, প্রভাতফেরি ও করতালির ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে আরও প্রাণবন্ত ক্যাম্পাস কার্যক্রম এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ ও আয়োজনের মাধ্যমে চুয়েট ডিবেটিং সোসাইটিকে আরও এগিয়ে নিতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া আমাদের এই পথচলার সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে।”