আইইউটিতে আয়োজিত ‘অটোমেক ২.০’ প্রতিযোগিতায় চুয়েটের সাফল্য

মো. মিসবাহ উদ্দিন:

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে (আইইউটি) অনুষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ যন্ত্রকৌশল ও প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতা ‘অটোমেক ২.০’তে সাফল্য অর্জন করেছে চুয়েটের শিক্ষার্থীরা। গত ৩১ জুলাই ও ১ আগস্ট অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘টার্বোক্যাড’ পর্বে চুয়েট শিক্ষার্থীদের দল চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার অর্জন করে।

আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগ এবং আইইউটি অটোমোবাইল সোসাইটির যৌথ উদ্যোগে এ উৎসব আয়োজিত হয়। দেশব্যাপী বিস্তৃত অটোমোবাইলপ্রেমী শিক্ষার্থী, সংগঠন, উদ্ভাবক ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের একত্র করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইঞ্জিন অ্যাসেম্বলি, কেস কম্পিটিশন, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শনীসহ যন্ত্রকৌশল বিষয়ক নানা ধরনের প্রতিযোগিতায় সারা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কয়েক শত প্রকৌশল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চুয়েটের প্রায় ৩২ জন শিক্ষার্থী বিভিন্ন দলের অংশ হিসেবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইঞ্জিন অ্যাসেম্বলিতে ৭টি, ক্যাড ডিজাইনে ২টি, অটোকুয়েস্টে ২টি ও সিম সার্জে ২টি দল চুয়েটের প্রতিনিধিত্ব করে। এতে ক্যাড ডিজাইন প্রতিযোগিতা ‘ টার্বোক্যাড ‘ এ চুয়েট শিক্ষার্থীদের দল ‘টিম ব্লিটজার চুয়েট ওজি’ চ্যাম্পিয়ন ও ‘টিম ব্লিটজার ক্যাটালিস্ট’ রানার্স আপ পুরস্কার অর্জন করে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের তৈরি গোকার্ট প্রদর্শন করে।

ক্যাড প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য, যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসহাব সিফাত উচ্ছ্বাস প্রকাশ করে জানান , “চ্যাম্পিয়ন হয়ে তো অবশ্যই ভালো লাগছে। এটা আমাদের জন্য দ্বিতীয়বার ছিল, আমরা ‘অটোমেক ১.০’ এও ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছিলাম। আর সত্যি বলতে এইরকম কম্পিটিশনে চুয়েটিয়ানদের অংশগ্রহণ খুব কম। এবার একসাথে এতজন পার্টিসিপেট করে ভালোই লাগছে। অবশ্যই চাই চুয়েটে এমন কিছু করা হোক। বাইরের কম্পিটিশনে যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় কম্পিটিশনে যাওয়ার কারণে সিটি, ক্লাস মিস যায়। এই ক্ষেত্রে শিক্ষকরা একটু নমনীয় হলে আমাদের জন্য সুবিধা হয়, অন্তত সিটি দেওয়ার ক্ষেত্রে।”