গোলাম মোস্তফা তানিম:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবহন সংকট নিরসনে চারটি বাস দেওয়ার প্রতিশ্রুতি বাড়িয়ে মোট ছয়টি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে আলহাজ্ব জসীম উদ্দীন ফাউন্ডেশন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঙ্গে আলোচনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসীম উদ্দিন এ ঘোষণা দেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে এসব বাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এই আলোচনাকালে আরও উপস্থিত ছিলেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোক্তার আহমেদ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন এবং ব্যাংক কর্মকর্তা মো. বেলালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির বলেন, “আগেই চারটি বাসের চুক্তি হয়েছিল। এখন ওরা আরও দুটি বাস দেবে বলছে। আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয় দিবসের মধ্যে যাতে এগুলো পাওয়া যায়।”
উল্লেখ্য, চলতি বছরের ২১ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে চুয়েট ও আলহাজ্ব জসীম উদ্দীন ফাউন্ডেশনের মধ্যে চারটি বাস প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ধারাবাহিকতায় এবার বাসের সংখ্যা বাড়িয়ে ছয়টি করার সিদ্ধান্ত নেওয়া হয়।