চুয়েটে ওয়াসার পানির সরবরাহ লাইন স্থাপনের উদ্যোগ

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

দীর্ঘদিনের পানিসংকট নিরসনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চট্টগ্রাম ওয়াসার পানির সংযোগ লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্ভাব্য সংযোগস্থল পরিদর্শন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং চট্টগ্রাম ওয়াসার প্রতিনিধি দল।

এর আগে উপাচার্যের কার্যালয়ে চুয়েট ও চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন আসিফ, প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (পুর) মুহাম্মদ ফেরদৌসুল কবির, চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগারের নির্বাহী প্রকৌশলী সজীব বড়ুয়া এবং কর্ণফুলী পানি শোধনাগার-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুক।সভায় পানির সংযোগ বাস্তবায়নের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ ব্যাপারে চুয়েটের উপাচার্য জানান, “পানি সংকট নিরসনে ওয়াসার পানির লাইন আসবে। এ ব্যাপারে যাবতীয় কাগজপত্র তৈরি করা সহ আনুষঙ্গিক কাজ গুলো করা হচ্ছে।”

জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার থেকে এই সংযোগ লাইনটি আনা হবে। সংযোগটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পানিসংকটের সমাধান হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।