জারীন তাসমীন সাবা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্নব সাহার অকাল মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করেছে চুয়েট পূজা উদযাপন পরিষদ।
গত ২৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন ভবনের (টিএসসি) তৃতীয় তলায় এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে শান্তি মন্ত্র পাঠ, স্তুতি ও নামকীর্তনের মাধ্যমে অর্নব সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
প্রার্থনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির, ড. নিপু কুমার দাস, ড. অশুতোষ সাহা, ড. সজল চন্দ্র বণিক, ড. প্রাসঞ্জিত দাস, ড. স্বপন কুমার রায়, শ্যামল আচার্য, সঞ্জয় দাস, প্রতীক চন্দ্র ঘোষ, সমেন বৈরাগীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
চুয়েট পূজা উদযাপন পরিষদের সভাপতি কাব্য প্রকাশ চক্রবর্ত্তী বলেন, আমার বন্ধু অর্নব সাহার অকাল প্রয়াণের শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। গত ২৯ তারিখ আমরা প্রার্থনার আয়োজন করি, শান্তি মন্ত্র, স্তুতি ও নাম কীর্তন করি। যদি তার নামে একটা যজ্ঞ বা একটা পূজার আয়োজন করতে পারতাম, মানসিকভাবে আরও শান্তি পেতাম; কিন্তু জায়গা ও সুযোগের অভাবে করতে পারি নাই। আমরা পূজা উদযাপন পরিষদ পরিবার তার আত্মার শান্তি কামনা করি।