চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে বর্তমান স্টাফ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন এ পরিষদ গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।
সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের স্বাক্ষরিত জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের অনুমোদন, বিদ্যমান কর্মচারী সমিতি/স্টাফ অ্যাসোসিয়েশন থেকে সদস্যপদ প্রত্যাহার এবং সমিতির চাঁদা কর্তন সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় গঠিত কমিটির সুপারিশ সিন্ডিকেটের ১৪২তম সভায় উপস্থাপন করা হয়। পরে প্রয়োজনীয় আইনি পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত হয়।
পরবর্তীতে সিন্ডিকেটের ১৪২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতামত গ্রহণ করা হয়। আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে এবং বর্তমান স্টাফ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার শর্তে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ গঠনের অনুমোদন প্রদান করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নতুন পরিষদ গঠনের পাশাপাশি বিদ্যমান কর্মচারী সমিতি বা স্টাফ অ্যাসোসিয়েশন থেকে সদস্যপদ প্রত্যাহার এবং সমিতির চাঁদা কর্তনের বিষয়েও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের মাধ্যমে চুয়েটের তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য পৃথক পরিষদ গঠনের পথ উন্মুক্ত হলো বলে সংশ্লিষ্টদের ধারণা।
উল্লেখ্য,এ পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের যানবাহন অধিদপ্তরের কর্মচারী মো. আবদুর রহিম।