নাজমুল কবির সিয়াম:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অন্যতম স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ফর পিস’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ জুলাই ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পানিসম্পদ কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাকিবুর রহমান, কাজী আরিয়ানা রুতবাসহ আরও অনেকে। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক পদে মনন হক, অর্থ সম্পাদক পদে আশরাফুল ইসলাম সিমন এবং মুখ্য সমন্বয়কারী হিসেবে রয়েছেন আসাদুল্লাহ গালিব।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। নিজের বক্তব্যে তিনি বলেন, “টেকসই ও বাসযোগ্য পৃথিবী গঠনে এবং মানবিক মানুষ তৈরিতে গ্রীন ফর পিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণ ও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে চুয়েট গ্রীন ফর পিস এগিয়ে যাক।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন,” আমাদের মূল লক্ষ্য শুধুই আনুষ্ঠানিক কিছু প্রোগ্রাম করা নয়, বরং চুয়েট ক্যাম্পাস থেকে শুরু করে সর্বস্তরে প্রকৃত পরিবেশ সচেতনতা গড়ে তোলা। এনভায়রনমেন্ট উইক, গ্রিন ডে, বৃক্ষরোপণ, কুইজ, সেমিনার এবং বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে আমরা একটি সবুজ ও টেকসই পরিবেশ গঠনে কাজ করব। এই যাত্রায় চুয়েট পরিবারের সকল শিক্ষক, সিনিয়র, অ্যালামনাই এবং সহযোদ্ধা সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। সবাই পাশে থাকলে, ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হয়ে দুর্দান্ত কিছু উপহার দিতে পারব।”
সভাপতি নাফিস হাসান নাফি বলেন, “গ্রীন ফর পিস-এর সভাপতি নির্বাচিত হওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য থাকবে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করা। ‘গ্রীন ডে’-সহ প্রচলিত আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নতুন নতুন পরিবেশবান্ধব উদ্যোগ, সচেতনতামূলক ক্যাম্পেইন, কমিউনিটি আউটরিচ ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রীন ফর পিসকে আরও কার্যকর ও প্রভাবশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”
উল্লেখ্য, ‘গ্রীন ফর পিস’ চুয়েট ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখে আসছে। সংগঠনটির মূল লক্ষ্য পরিবেশ সুরক্ষা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা তৈরি করা।