চুয়েটনিউজ২৪ডেস্ক:
তড়িৎ বর্তনী বিশ্লেষণে শিক্ষার্থীদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা শাণিত করার পাশাপাশি সমস্যা সমাধানের সক্ষমতা এবং সার্কিট তত্ত্বের মৌলিক ধারণা মূল্যায়নের লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সার্কিট অলিম্পিয়াড ২০২৬’। চুয়েটের মহাকাশ ও রোবটিক্স বিষয়ক সংগঠন এন্ড্রোমিডা স্পেস অ্যান্ড রোবটিক রিসার্চ অর্গানাইজেশন (এ্যাসরো)-এর আয়োজনে এটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ইএমই ভবনের তৃতীয় তলায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এই অলিম্পিয়াডে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা যায়।
সার্কিটের বিশ্লেষণভিত্তিক এ লিখিত প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়। পাশাপাশি সার্কিট তত্ত্বের মৌলিক ধারণাগুলো বাস্তব সমস্যার মাধ্যমে প্রয়োগের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীরা ‘দ্য সার্কিট টাইটান অব ২০২৬’ শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।।
এ আয়োজনের অন্যতম সমন্বয়ক এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারিয়া আনোয়ারা অধরা জানান, “এ্যাসরো সবসময়ই আগত নতুন ব্যাচকে কেন্দ্র করে সার্কিট অলিম্পিয়াডের আয়োজন করে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সার্কিট সমাধানের ওপর নবীন শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং সার্কিটের মৌলিক বিষয়গুলোতে তাদের দক্ষতা যাচাই করা, যা তাদের পরবর্তীতে টার্ম ফাইনাল ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। আমাদের এই অলিম্পিয়াড মূলত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের সার্কিট সমাধান করতে হয়। এর মাধ্যমে তাদের সময় ব্যবস্থাপনা এবং জটিল সার্কিট সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়।”
উল্লেখ্য, গতবারের তুলনায় এবার প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গতবছর চুয়েটে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছিল ‘সার্কিট সলভিং অলিম্পিয়াড ২০২৫’ যেখানে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে এবারের লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী, যা এ আয়োজনের প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছে সংগঠনটি।