চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ২০ জুলাই (সোমবার) ‘ইসলামিক কুইজ কম্পিটিশন শো -২০২৬’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুরআন-হাদীসের পরিচয়, ঈমান-আকীদা, ইবাদত-ফিকহ, নবী ও সালাফদের সীরাত, ইসলামের ইতিহাস, সমকালীন মুসলিম বিশ্ব ও অন্যান্য বিবিধ বিষয় নিয়ে দুটি পর্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে গত ৬ জুলাই বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের নিয়ে অন্ত:হল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা এককভাবে এমসিকিউ পদ্ধতিতে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। ছেলেদের হলের পাশাপাশি মেয়েদের হলেও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে বিজয়ীদের নিয়ে গত ২০ জুলাই দ্বিতীয় পর্বের আন্ত:হল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা দলগতভাবে নিজেদের আবাসিক হলের প্রতিনিধিত্ব করেন। দলগত প্রতিযোগিতার ফাইনালে মুক্তিযোদ্ধা হলকে পরাজিত করে শিরোপা জয় করে শহীদ তারেক হুদা হল। পরবর্তীতে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
কুইজ প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আয়োজক কমিটির সদস্য যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আন নাবিল বলেন,”আলহামদুলিল্লাহ, কুইজ শো সফলভাবে সম্পন্ন হয়েছে। সব হল চমৎকার পারফরম্যান্স করেছে। হল রাউন্ডেও আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় দুইশ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। সবার চেষ্টা ও সহযোগিতায় প্রতিবছর আরো সুন্দরভাবে এই আয়োজন হবে এটাই প্রত্যাশা।”