তানভীর আহমাদ:-
টানা তিন থেকে চার দিনের অবিরাম বৃষ্টিপাতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস ও চট্টগ্রাম বিভাগে বিরাজ করছে বৈরী আবহাওয়া। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (৯ জুলাই) চুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে ইসলামিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়া ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, টানা বৃষ্টির কারণে গত দুই থেকে তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও কার্যত স্থবির হয়ে রয়েছে।
এই বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজুল কবির আবরার বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের আসার শুরু থেকে আমরা প্রতিবছর এই ইসলামিক মাহফিল দেখে আসছি এবং আমরা চাই আবহাওয়া স্বাভাবিক হলে যেন এই আয়োজন খুব দ্রুত বাস্তবায়ন হয়। “
আয়োজন সম্পর্কে অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম চুয়েটনিউজ২৪ কে বলেন , ” যেহেতু এখন অনেক বৈরী আবহাওয়া তাই এই আবহাওয়ার মধ্যে ইসলামিক মাহফিল করা সম্ভব হচ্ছে না। তবে পরবর্তীতে কবে আয়োজিত হবে সেই তারিখ জানিয়ে দেয়া হবে ।”
উল্লেখ্য, “চুয়েট ইসলামিক সপ্তাহ ২০২৬ ” এর অংশ হিসেবে অন্যতম একটি পর্ব ছিল ইসলামিক মাহফিল যেখানে প্রধান বক্তা হিসেবে নির্ধারিত ছিলেন প্রফেসর মোখতার আহমাদ । এছাড়াও এই আয়োজনের অন্তঃহল ইসলামিক কুইজ পর্ব ইতোমধ্যে আয়োজিত হয়েছে এবং ফলাফল প্রকাশিত হয়েছে । হল ভিত্তিক বিজয়ীদের নিয়ে পরবর্তীতে চূড়ান্ত পর্ব আয়োজিত হবে। এছাড়াও দুইদিন ব্যাপী ‘প্যালেস্টাইন কর্ণার’ , ‘সুন্নাহ এক্সিভিশন’ ও ‘ইসলামিক বই মেলা’ আয়োজিত হওয়ার কথা থাকলেও সেগুলোও স্থগিত রয়েছে ।