নতুন নেতৃত্বে চুয়েটের এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার

চুয়েটনিউজ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় পুরকৌশল বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক এই সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রিয়াজ আকতার মল্লিক এবং এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার- চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম।

ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সানিউল হক এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিস হাসান নাফি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রূপম পোদ্দার ও সাদিয়া সুলতানা মীম। এছাড়া জনসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে আমীর মাহাদী এবং দপ্তর সম্পাদক হিসেবে নাজমুস সাকিব নাবিল দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনটির অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বলেন, “দেশের প্রথম হিসেবে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার হাঁটি হাঁটি পা পা করে অষ্টম বর্ষে পা রাখল। আমার বিশ্বাস এ বছরের কমিটি পূর্বের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এই চ্যাপ্টারকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”

নবনির্বাচিত সভাপতি সানিউল হক জানান, “এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার সবসময় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও মানসম্মত কার্যক্রম, গবেষণার সুযোগ এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বৃদ্ধিতে কাজ করবে। আমাদের লক্ষ্য এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার-কে জাতীয় পর্যায়ের সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আরও সক্রিয়, উদ্ভাবনী একটি শিক্ষার্থী অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত করা।”

নবনির্বাচিত সেক্রেটারি নাফিস হাসান নাফি চুয়েট নিউজকে বলেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করতে চাই। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নতুন উদ্যোগ এবং মানসম্মত কার্যক্রমের মাধ্যমে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারকে আরও সমৃদ্ধ করাই হবে আমাদের লক্ষ্য। সবার সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, নতুন কমিটি ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানে কনকেস প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী কমিটির সদস্যদেরও সম্মাননা স্মারক প্রদান করে সংগঠনটি।