ঘুরতে ঘুরতেই ছিঁড়ে পড়ল সিলিং ফ্যান, বড় দুর্ঘটনা থেকে রক্ষা শিক্ষার্থীদের

মো. ফাহিম রেজা :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে ঘূর্ণায়মান অবস্থায় সিলিং ফ্যান ভেঙে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ঐ আবাসিক হলের গণরুম ডি-৩০০ নম্বর কক্ষে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ফ্যানগুলোর অবস্থা ছিল বেশ নাজুক। শিক্ষার্থীদের অভিযোগ, কিছু ফ্যান খুব ধীরগতিতে ঘুরত, আবার কিছু ফ্যান ঘুরলেও কার্যকরভাবে বাতাস দিত না। এছাড়া ফ্যানগুলোর অবস্থা দেখে নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ছিলেন তারা।

রবিবার (২১ জুন) দুপুরে কক্ষের একটি সিলিং ফ্যান হঠাৎ ঘূর্ণায়মান অবস্থায় ছাদ থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। সে সময় কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা টেবিলে বসে পড়াশোনা করছিলেন। ফ্যানটি একটি বেডের ওপর পড়ে, তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। শিক্ষার্থীদের মতে, ঘটনাটি রাতে ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

কক্ষে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো.মোরশেদ এলাহী বলেন, “ গণরুমে পর্যাপ্ত ফ্যান থাকলেও বেশিরভাগ ফ্যান নষ্ট কিংবা ধীরগতির , তাই আমাদের ব্যক্তিগত ফ্যান ব্যবহার করতে হয়। এ বিষয়ে আমরা অনেকবার স্যারদের কে জানিয়েছি, তারা কিছু কিছু সমস্যার সমাধান করেছেন আর কিছু সমস্যার সমাধান হয়নি । গণরুমের ফ্যানগুলো দেখলেই মনে হতো যে এখনই খুলে পড়বে। আজকে তা-ই হয়েছে। ফ্যানটি যেভাবে পড়েছে, সামান্য এদিক-ওদিক হলেই কারও মাথায় আঘাত লাগতে পারত। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।”

এ ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত হল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কক্ষটির পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরিবর্তনের দাবি জানিয়েছেন। তারা বলেন, বর্তমান শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যতে এই কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।