মাদক পাওয়ায় চুয়েটে ৭ জনের শাস্তি, শৃঙ্খলা ভঙ্গে শোকজ ৪

চুয়েটনিউজ২৪ডেস্ক:

আবাসিক হলের একটি কক্ষে মাদক পাওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষার্থীকে সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তাদেরকে হল থেকেও বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও চারজন শিক্ষার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে। এছাড়াও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

গত ৩০ জানুয়ারী, শুক্রবার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির ২৯৯তম সভার (জরুরি) সিদ্ধান্তক্রমে কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১১ টি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ তারেক হুদা হলে আনুমানিক রাত ১টায় ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল ও মাদক প্রতিরোধ কমিটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শহীদ তারেক হুদা হলের ১টি কক্ষে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শাস্তি প্রদান করে।

এছাড়াও মাদক বিরোধী অভিযান চলাকালে বরাদ্দপ্রাপ্ত নিজ কক্ষে অবস্থান না করে অবরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবৈধভাবে থাকার সুযোগ প্রদান করায় ২০২১-২২ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থীকে অবৈধভাবে কক্ষ দখল এবং সন্দেহজনক জিনিস দখলে রাখার অভিযোগে কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা যায়, মাদকের ঘটনায় বহিষ্কৃতদের সকলেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর মধ্যে একজন শিক্ষার্থীকে সাময়িকভাবে ছয় মাস এবং অন্য দুজনকে সাময়িকভাবে দুই বছরের জন্য একাডেমিক বহিষ্কার করা হয়েছে। একইসাথে তিনজনকেই আজীবন হল বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ২০২০-২১ শিক্ষাবর্ষের দুইজন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীকে সাময়িকভাবে হল বহিষ্কার করা হয়েছে। উক্ত ঘটনায় সকলকেই কারণ দর্শানোর বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

এদিকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তির স্বহস্তে লিখিত জবাব ১১ শিক্ষার্থীকেই আগামী ২৩ ফেব্রুয়ারী দুপুর ২:৩০ টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে স্ব-শরীরে হাজির হয়ে দাখিল করতে বলা হয়েছে । এছাড়াও চাইলে কোনো শিক্ষার্থী ২৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে স্বপক্ষে ব্যক্তিগত শুনানি প্রদান করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসেন বলেন,” নিয়ম অনুযায়ী তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। এর জন্য ১৫ দিনের সময় পাবে। এর পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”