চুয়েটে ভর্তি পরীক্ষায় হাদির স্মরণে আয়োজন “আজাদীর কণ্ঠস্বর”

চুয়েটনিউজ ২৪ ডেস্ক :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিন গত ১৭ জানুয়ারি (শনিবার) শহীদ উসমান বিন হাদীর স্মরণে বিশেষ এক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে আজাদী সাংস্কৃতিক সংসদ, চুয়েট। “আজাদীর কণ্ঠস্বর” শিরোনামের এই আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ভিন্নধর্মী ও মনোমুগ্ধকর এই আয়োজনে ভর্তি পরীক্ষাকালে পরীক্ষার্থীরা হলে অবস্থান করার সময় বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে নিয়ে চুয়েটের শিক্ষার্থীরা পরিবেশন করেন বিপ্লবী গান, দেশাত্মবোধক গান, ইসলামি সংগীত ও নজরুলগীতি। পাশাপাশি ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মুড়ি-বাতাসা বিতরণ করা হয় এবং শহীদ উসমান বিন হাদীর জীবন ও আদর্শ তুলে ধরে লিফলেট প্রদান করা হয়।

আয়োজনের বিষয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও আয়োজক ইফতেখার মাহমুদ তন্ময় বলেন, “আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান দীর্ঘ সংগ্রামে আমাদের মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিকভাবে প্রস্তুত হতে হবে। সকল ধরনের কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আজাদী সাংস্কৃতিক সংসদের মাধ্যমে আমাদের কণ্ঠস্বর সোচ্চার থাকবে। শহীদ উসমান বিন হাদী ভাই যে আদর্শ রেখে গেছেন, সেই সিলসিলা সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় থেকেই আমাদের এই যাত্রা।”

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাসিরুদ্দিন আম্মার বলেন,
“ওসমান হাদি ছিলেন নয়া জামানার মুয়াজ্জিন। যে স্বপ্ন, সাহস ও প্রেরণা তিনি আমাদের দেখিয়েছেন, তারই ধারাবাহিকতায় চুয়েটে আজ আজাদী সাংস্কৃতিক সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে সবার সহযোগিতা কামনা করি।”

উল্লেখ্য, সম্প্রতি চুয়েটে যাত্রা শুরু করা আজাদী সাংস্কৃতিক সংসদ সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখা এবং শহীদ উসমান বিন হাদীর আদর্শ ও সংগ্রামকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।