চুয়েটনিউজ ২৪ ডেস্ক :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( চুয়েট) পরিবেশববিষয়ক মানবিক সংগঠন গ্রীন ফর পিস কর্তৃক ‘সবুজ স্বপ্ন” শীর্ষক মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের শিক্ষার্থী দ্বারা পরিচালিত স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদানের প্ল্যাটফর্ম প্রদীপ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এটি আয়োজিত হয়।
গত ১৭ অক্টোবর বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানটি শুরু হয়।মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রদীপ স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্টেশনারি বিতরণ করা হয়।এছাড়া শিক্ষার সহায়ক সরঞ্জাম হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি হোয়াইট বোর্ড স্ট্যান্ড হস্তান্তর করা হয়।পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, কল্পনাশক্তি ও অংশগ্রহণমূলক মনোভাব বিকাশে দুটি পরিবেশ বিষয়ক সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই আয়োজনে শিক্ষার্থীরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই বিষয়ে গ্রিন ফর পিস এর সভাপতি যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহেদ সুফিয়ান আলভী বলেন, “সবুজ স্বপ্ন” আমাদের এমন একটি মানবিক উদ্দ্যোগ ছিল যেটির সহায়তায় আমাদের গ্রিন ফর পিস এর সবার প্রচেষ্টা ছিল প্রদীপ স্কুলের বাচ্চাদের মুখে হাসি নিয়ে আসা। আমরা এই উদ্দ্যোগ থেকেই বাচ্চাদের মেধা ও সৃজনশীলতা যাচাইয়ের মাধ্যমে কিছু উপহার সামগ্রী বাচ্চাদের মাঝে বিতরণ করি এবং ভবিষ্যতেও আমরা গ্রীন ফর পিস থেকে এমন ধরনের কাজ অব্যাহত রাখবো।
প্রদীপ স্কুলের শিশুদের নিয়ে গ্রীন ফর পিস এর এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ।তিনি বলেন,“শিক্ষা মানুষকে পথ দেখায় আর পরিবর্তনের শুরু ছোট হাত থেকেই হয়। আমরা বিশ্বাস করি, তোমরা সবাই একদিন অনেক বড় মানুষ হবা। তোমাদের যেকোনো প্রয়োজনে গ্রীন ফর পিস পাশে থাকবে।”
‘সবুজ স্বপ্ন’ কার্যক্রমটি শুধুমাত্র একটি সামাজিক উদ্যোগ নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, দায়িত্ববোধ ও পরিবেশচেতনা জাগিয়ে তোলার এক অনন্য প্রয়াস।
উল্লেখ্য, গ্রীন ফর পিস ক্লাব চুয়েটে ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখে আসছে। ক্লাবের মূল লক্ষ্য পরিবেশ রক্ষা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা তৈরি করা।