নাজমুস সাকিব :
‘আপনার শহর ,আপনার সমাধান’ এই শ্লোগান নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নগর পরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, দেশের নগরগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের ধারণাগুলো নিয়ে প্রতিযোগিতা URBAN INNOVATION– CHALLANGE 2016 এর প্রস্তুতি হিসেবে এ সেমিনার আয়োজিত হয়েছে।
সেমিনারে ব্র্যাকের পক্ষ থেকে মূল বক্তব্য তুলে ধরেন মাশরুরা ঐশী এবং মানিক কুমার সাহা। তাঁরা বলেন, আমাদের দেশের শহরগুলো স্বাস্থ্য, চিকিৎসা, পরিবহনসংক্রান্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত। এ সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে চমৎকার সব আইডিয়াগুলো আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আহ্বান করছি। পরে এক প্রশ্নোত্তর পর্ব ও মূকাভিনয়ের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা বিভাগের শিক্ষক শাহজালাল মিশুক এবং সৌরভ দাশ উপস্থিত ছিলেন।
সেমিনারে অনুষ্ঠানে অংশ নিয়ে কম্পিউটার কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী সাকিব বলেন, আমাদের সৃজনশীল ধারণাগুলোকে প্রয়োগের সুযোগ করে দেয়ায় ব্র্যাককে অভিনন্দন।
বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রেজাউল বারী ঈশানও একই কণ্ঠে বলেন, এ অনুষ্ঠানে এসে মনে হচ্ছে নগর উন্নয়ন নিয়ে আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রয়োগ করতে পারব।
আয়োজকদের পক্ষ থেকে নগর ও পরিকল্পনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর সালেহিন সোহাগ বলেন, সকলের অংশগ্রহণে এমন সফল একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত ।
জানা যায়, প্রতিযোগিতায় নির্বাচিত আইডিয়াগুলোকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হবে । বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ,চাকুরীজীবী ,তরুণ উদ্যোক্তারাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ।
তারিখ:১৫.১১.১৬
