চুয়েট প্রিমিয়ার লীগের মুকুট পুরকৌশলের ঘরে

আসাদুল্লাহ গালিবঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) খেলাধুলা বিষয়ক সংগঠন চুয়েট স্পোর্টস ক্লাব এর আয়োজনে বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্ট চুয়েট প্রিমিয়ার লীগের (সিপিএল) ফাইনাল সম্পন্ন হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বী ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ই টি ই) বিভাগের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায় পুরকৌশল বিভাগ।

উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপ-উপাচার্য ড. জামাল উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক ড. মোঃ রেজাউল করিম ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

গতকাল (শুক্রবার) চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর ২:৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাটিং এ নেমে ১৪ ওভারে ১২৫ রান সংগ্রহ করে ইটিই বিভাগ। জবাবে ব্যাটিং করতে নেমে ১ ওভার ৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পায় পুরকৌশল বিভাগ। উক্ত ম্যাচে ম্যাচ সেরা এবং পুরো আসরের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন পুরকৌশল বিভাগের মো. মেহেদী হাসান আকাশ। এছাড়া আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ইটিই বিভাগের ফয়জুল হক এবং সর্বোচ্চ উইকেট শিকারী পুরকৌশল বিভাগের তাহসানুর রহমান আলভী।

চুয়েটের বর্তমান উপ-উপাচার্য ড. জামাল উদ্দিন আহমেদ আয়োজকদের ধন্যাবাদ জ্ঞাপন করে বলেন , “দুই দলকেই আমি অভিনন্দন জানাচ্ছি । এই খেলাধুলার আয়োজন এর মাধ্যমেই আমাদের সবদিকের শিক্ষা পরিপূর্ণ হবে। মনকে উৎফুল্ল রাখার জন্য খেলাধুলার এইসকল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।”

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো: রেজাউল করিম তার বক্তব্যে বলেন, আমি আশা করছি, ভবিষ্যতে সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় ক্রীড়া কার্যক্রম আরো জোরদার ও বেগবান হবে। সেই সাথে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে সকলে শারিরীক ও মানসিক বিকাশ এবং সুস্বাস্থ্য কামনা করছি।

সর্বশেষ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি এবং ছাত্রকল্যাণ পরিচালক।

উল্লেখ্য, গত ১৬ ই ফেব্রুয়ারী শুরু হওয়া এবারের সিপিএলে চারটি গ্রুপে মোট বারোটি দল অংশগ্রহণ করে ।