চুয়েটে শিক্ষা সমাপনী ‘সংবর্ত’১৭’ এর মশাল মিছিল অনুষ্ঠিত

জিওন আহমেদঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত’১৭’ এর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘সংবর্তের ক্ষীপ্ত ডাক, একসাথে একসাত” স্লোগানে গতকাল ২ ডিসেম্বর, ২০২২ শুক্রবার সন্ধ্যা ৬টায় সকল ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শিক্ষা সমাপনী উৎসবের প্রস্তুতিমূলক এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল ৩টায় উদ্ভোধন এবং বিকাল ৪টায় ফ্ল্যাশমবের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্র হল এবং দুইটি ছাত্রী হল থেকে শিক্ষার্থীরা স্লোগান সহকারে মশাল মিছিল নিয়ে গোলচত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে জড়ো হতে থাকে।

পরে স্বাধীনতা চত্বর থেকে সকল হলের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল অংশ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর ফায়ারওয়ার্ক্স, আতশবাজি ও কনসার্টের মাধ্যমে আনন্দঘন দিনটির পরিসমাপ্তি হয়।

শিক্ষা সমাপনী উৎসবের আহ্বায়ক মোঃ আশিকুর রহমান আবির বলেন, চুয়েটের সর্ববৃহৎ ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে মশাল মিছিলের আয়োজন করার মাধ্যমে চুয়েটের সবচেয়ে বড় উৎসব শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আগমনী বার্তা দিয়ে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষা সমাপনী উৎসবের প্রথম অংশ মশাল মিছিলের মধ্য দিয়ে এবারের সংবর্ত’১৭ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আশা করি, এবারের উৎসবের পরবর্তী কার্যক্রম সকলের অংশগ্রহণে সুন্দরভাবে এগিয়ে যাবে।