চুয়েটে শিক্ষা সমাপনী উৎসবের শেষ দিন আজ

নাজিফা তাসনিমঃ

শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ক্যাম্পাস-জুড়ে বিরাজ করছে রঙিন উৎসব মুখর পরিবেশ।

আজ (শুক্রবার) সন্ধ্যায় অত্র প্রতিষ্ঠানের স্বাধীনতা চত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হবে আদ্যন্ত-১৮ এর আয়োজনে ‘র‍্যাগ কনসার্ট’। এতে অংশগ্রহণ করবে দেশের কয়েকটি জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড। এদের মধ্যে রয়েছে শিরোনামহীন, সহজিয়া, আরবোভাইরাস, মেরি-গো-রাউন্ড, উন্মাদ, দি ক্যাপসিকাম, হ্যামেরন, বাংলা ঢোল এবং ইটার্নি।

গতকাল বিকালে কেক কাটার মধ্য দিয়ে শিক্ষা সমাপনী উৎসবের সূচনা ঘোষণা করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম। এরপর শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী সকলের অংশগ্রহণে আয়োজিত হয় বর্ণ্যাঢ্য র‍্যালি। র‍্যালি-শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফ্ল্যাশমব ও রঙ-উৎসব। সব শেষে সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

এদিকে দ্বিতীয় দিনের র‍্যাগ কনসার্ট নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ বিষয়ে তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনুরাশা রাফানা বলেন, ক্যাম্পাসে আসার পর এটিই আমাদের পাওয়া প্রথম র‍্যাগ উৎসব। গতকাল থেকেই প্রতিটা পর্ব বেশ ভালো লেগেছে। আশা করছি আজকের আয়োজন আরো বেশি চমকপ্রদ হবে।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়জুল করিম বলেন, র‍্যাগ কনসার্ট চুয়েটের সব থেকে বড় আয়োজনগুলোর মধ্যে একটি। প্রতিবছর এই দিনটিকে ঘিরে সবার মাঝেই উদ্দীপনা কাজ করে। এবারেও তার ব্যাতিক্রম নয়।

বিদায়ী বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী ফরাজি জানান, বিদায় ব্যাপারটা কষ্টের। কিন্তু জীবন থেমে থাকার নয়, ১৮-ব্যাচের বিদায় বেলাকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন।