অনুষ্ঠিত হল জয়ধ্বনির আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব

received_10206505540517536
সৈয়দ তাহমিদ হোসেনঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির উদ্যোগে আয়োজিত তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব গতকাল শেষ হয়েছে। তিনদিনব্যাপী এই উৎসবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
গত ৩০ মার্চ চুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম এই উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীসহ প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম দিন শুরু হয় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। এরপর প্রদর্শিত হয় পথনৃত্য এবং জয়ধ্বনি প্রযোজিত মঞ্চনাট্য।
উৎসবের দ্বিতীয় দিনে ছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোকচিত্র প্রদর্শনী। এছাড়াও ছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা।
গতকাল উৎসবের তৃতীয় দিনে দুপুর আড়াইটায় প্রদর্শিত হয় আবু হায়াত মাহমুদ পরিচালিত টেলিফিল্ম ‘রঙ’।এরপর অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে পুনর্মিলনী ও কনসার্টের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই উৎসব শেষ হয়।
তিনদিনব্যাপী এই উৎসবের ব্যাপারে জানতে চাইলে জয়ধ্বনির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, শিল্প এবং সত্ত্বাকে একত্রিত করে সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই আয়োজনটি সবার ভাল লাগার একটি নিদর্শন হয়ে থাকবে এটাই কামনা করছি।