কামরুজ্জামানঃ
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত মঞ্জুরি কমিশনের প্রস্তাব করা অভিন্ন নীতিমালার বিরোধিতা করে আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মকর্তা কর্মচারীরা মানব বন্ধন করেছেন। বেলা ১২ টায় ব্যানার,ফেস্টুন পোষ্টার নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে প্রায় ২০০ কর্মকর্তা কর্মচারী এই মানব বন্ধনে অংশগ্রহণ করেছেন।
মানব বন্ধনে অংশগ্রহণ করা কর্মচারী নেতারা জানান, কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত চুয়েটের বর্তমান নীতিমালাতে তারা সন্তুষ্ট।বর্তমান নীতিমালার পরিবর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অভিন্ন নীতিমালা বরং তাদের স্বার্থ ক্ষুণ্ণ করবে। উদাহরণ স্বরূপ তারা বলেন, বর্তমানে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চুয়েটের কর্মচারীরা ৬ টি পদোন্নতি পেতে পারেন, সেখানে অভিন্ন নীতিমালা বাস্তবায়িত হলে তারা দুইটির বেশী পদোন্নতি পাবেন না। তারা এসময় নিজেদেরকে নির্যাতিত দাবি করে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর ব্যানারে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ১১ টি দাবি সম্বলিত একটি স্মারক লিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মঞ্জুরি কমিশনের সচিবের নিকট পাঠায়।
প্রস্তাবিত নীতিমালাকে চরম বৈষম্য মূলক দাবি করে, চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন জানান, অভিন্ন নীতিমালার ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর নীতি নির্ধারকেরা, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর নেতৃবৃন্দের সাথে দুইটি আলোচনা সভার আয়োজন করেছিল। কিন্তু এই আলোচনা চূড়ান্ত না করে নীতি নির্ধারকেরা প্রস্তাবিত নীতিমালা মন্ত্রীসভায় পাঠায়। যেকোনোয়ে কর্মকর্তা কর্মচারীরা এসব নীতিনির্ধারকদের উপর ভরসা হারিয়ে ফেলেছে। এসময় তিনি আরো বলেন, অভিন্ন এই নীতিমালা প্রত্যাহার করে অবিলম্বে কর্মচারীদের দাবি মেনে নেওয়া না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
তারিখঃ২৯/০৬/২২