চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে ১ম জাতীয় স্থাপত্য বিষয়ক সম্মেলন


আকিফা মনজুর তিশা:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে“1st National Conference on Resilient Architecture Towards Sustainable Bangladesh  (NCRATSB-2024)” শীর্ষক জাতীয় সম্মেলন। আগামী ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে দিনব্যাপী এই সম্মেলনটি আয়োজিত হবে বলে জানা যায়।

এ উপলক্ষে আজ ১৭ই ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বেলা ১২.৪০ ঘটিকায় চুয়েটের স্থাপত্য বিভাগের জুরি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলনের আহবায়ক ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. সজল চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কানু কুমার দাস, সহকারী অধ্যাপক সজীব পাল, রেজুয়ানা ইসলাম, শায়লা শারমিন, অমিত ইমতিয়াজ, সারা বিনতে হক।

আগামী ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রি. অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান, গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মেলনটির আহবায়ক ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. সজল চৌধুরী।এছাড়াও সহকারী আহবায়ক দায়িত্ব পালন করবেন একই বিভাগের অধ্যাপক রিজওয়ানা ইসলাম ও নুসরাত জান্নাত।

উক্ত সম্মেলনে ৪জন মূল বক্তা এবং ১জন আমন্ত্রিত বক্তা উপস্থিত থাকবেন। মূল বক্তা হিসেবে থাকবেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাইন এর ডীন অধ্যাপক ড. আবু সায়েদ মোঃ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা  বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতার মাহমুদ ও ব্রাক এর ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের উর্ধ্বতন প্রোগ্রাম ম্যানেজার জনাব তাপস রঞ্জন চক্রবর্তী এবং আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান জোয়ার্দার।

উল্লেখ্য, স্থাপত্য বিভাগের ১ম জাতীয় সম্মেলনটিতে দেশব্যাপী স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুয়েট, বুয়েট, রুয়েট, কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিজ্ঞ ব্যক্তি ও গবেষকগণ অংশ নিবেন। এই সম্মেলনে মোট ১৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে । উক্ত সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এতে পৃষ্ঠপোষকতা করবে নিপ্পন পেইন্ট ও কুশলা নির্মাতা লিমিটেড।