মো. গোলাম রব্বানীঃ
চটগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. জামাল উদ্দিন আহমেদ। তিনি আগামী চার বছর উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৩ এর ১২ (১) ধারা এক ধারা অনুযায়ী অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চটগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে পাঁচটি শর্তে নিয়োগ দেয়া হলো।’
শর্তগুলোর মধ্যে রয়েছে- প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে; প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং প্রো-ভাইস চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন; তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
সর্বশেষ ২০১৩ সালের ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান চুয়েটের বর্তমান উপাচার্য ড. রফিকুল আলম। এর তিন বছর পর সাবেক উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের ভিসি হিসেবে চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় ২০১৬ সালের ১৫ এপ্রিল থেকে চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন অধ্যাপক রফিকুল আলম। একই মাসের ২৭ এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পান ড. রফিকুল আলম। এরপর প্রায় ৮ বছর অতিবাহিত হলেও উপ-উপাচার্য পদ শূন্য থাকে।