সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখা

সাঈকা শুহাদা, ফাইয়াজ মোহাম্মদ কৌশিকঃ

পর্যাপ্ত সুযোগ-সুবিধা, শিক্ষাসামগ্রী আর অর্থের অভাবে বাংলাদেশের অধিকাংশ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেদের লালিত স্বপ্নগুলো অধরা থেকে যায় তাদের। শিশুদের এই কষ্ট লাঘব করতে ও শিশুদের মুখে হাসি ফোটাতে ‘সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা।

গতকাল ২৯ মে (বুধবার) চুয়েটের সাধারণ ছাত্রদের দ্বারা পরিচালিত ‘প্রদীপ’ স্কুলের ২৬ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়। বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে মূলত বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার আত্মপ্রকাশ ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার প্রধান উপদেষ্টা ও চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

এ সময় শিশুদের মাঝে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার ও রঙ সহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি, গল্প, আবৃত্তি ও গান এর আয়োজন করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। অনুষ্ঠানটির শেষ পর্বে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

এরপর প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ড. মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময়ই এমন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার এটাই প্রথম কার্যক্রম। তারা এমন একটি প্রশংসনীয় কাজের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। এ ধরনের কার্যক্রমে আমাদের সহযোগীতা সবসময় থাকবে।

উক্ত কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম বলেন, চুয়েট শিক্ষার্থীদের এমন কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই সংগঠনটির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আজকের এ ছোট ছোট শিশুরাই আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। পাশাপাশি কোনো শিশু যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেজন্য তাদের সব ধরনের সহযোগীতারও আশ্বাস দেন তিনি। পরবর্তীতে পুরস্কার ও শিক্ষাসামগ্রী বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।