সিলেটে গ্যাসক্ষেত্র পরিদর্শনে চুয়েট শিক্ষার্থীরা

মোহাম্মদ ফাহিম উদ্দীন :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ৩য় বর্ষের(‘১৯ ব্যাচ) শিক্ষার্থীরা সিলেট এবং কৈলাশটিলা গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছে । সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) অধীনে উক্ত শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

এই সফরের সার্বিক তত্বাবধানে ছিলেন পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া এবং সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।

গত ৩রা আগস্ট(বৃহস্পতিবার) দুই দিনব্যাপী সফরের শুরু হয়। সফরের প্রথম দিন শিক্ষার্থীবৃন্দ হরিপুরে সিলেটের ১০নং কূপের ড্রিলিং সাইট (অন্বেষণমুলক খনন) পরিদর্শন করেন। সিলেট গ্যাস ফিল্ড এর দক্ষ কর্মকর্তা, দক্ষ ড্রিলিং প্রকৌশলী এবং বিখ্যাত কোম্পানি চায়না সিনোপেক এর ভূতাত্ত্বিকদের সহায়তায় শিক্ষার্থীরা রোটারি টপ-ড্রাইভ ড্রিলিং অপারেশন সম্পর্কে ব্যবহারিক জ্ঞান লাভ করে। একই দিনে শিক্ষার্থীরা জাফলং এ বিভিন্ন ধরনের উন্মুক্ত শিলা, পাথরের কাঠামো পর্যবেক্ষণ এবং নানা ধরনের পাথর সংগ্রহ করেন।

সফরের ২য় দিন তারা কৈলাসটিলা গ্যাসক্ষেত্র ভ্রমণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) দ্বারা পরিচালিত KTL-2 এর ওয়ার্কওভার অপারেশন পরিদর্শন করে। এ দিনে শিক্ষার্থীরা গ্যাস প্রক্রিয়াকরণ প্লান্টের কার্যক্রম পরিদর্শন করে।

সফর সম্পর্কে পিএমই বিভাগের শিক্ষার্থী মুখলেছুর রহমান ফাহিম বলেন, ‘বাস্তবে ড্রিলিং এবং প্রোডাকশন প্রসেসিং দেখাটা অন্য রকম একটা অনুভূতি ছিলো। তত্ত্বীয় পড়ার সাথে রিলেট করা যাচ্ছিলো। বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এমন ট্যুর ভবিষ্যতেও আয়োজন করার উচিত।’