সবুজ স্বর্গ হারাচ্ছে সৌন্দর্য

ইপসিতা জাহান সুমাঃ
সবুজ স্বর্গ হিসেবে পরিচত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আকর্ষণীয় সৌন্দর্যের একটি প্রধান উপাদান হচ্ছে এর গাছপালা। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ফলে সাবাড় হচ্ছে গাছগুলো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এ বিষয়ে তাদের নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়- নতুন হল, ডরমিটরি এবং একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রচুর গাছ কাটা হয়েছে। অন্যদিকে, গত দুর্গা পূজার বন্ধ চলাকালীন সময়ে একাডেমিক ভবন-২ (ইএমই ভবন) এর ভেতরে থাকা গাছগুলোও কাটা হয়েছে। পাশাপাশি, কাটা হয়েছে ড. কুদরত-ই-খুদা হল সংলগ্ন বেশ কয়েকটি গাছও।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন “গ্রীন ফর পিস” এর সভাপতি নাইমুল ইসলাম অনিক বলেন, চুয়েটের গাছগুলো এভাবে কেটে ফেলা আসলেই দুঃখজনক। পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সবার কর্তব্য। কাঠামোগত উন্নয়নের পাশাপাশি বনায়ন সমান ভাবে জরুরি। আমরা চাই অপরিকল্পিত গাছ কাটা বন্ধ করে পরিকল্পিত ভাবে গাছ কাটা হোক। যে কয়টি গাছ কাটা হয়েছে তার চেয়েও বেশি গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করা হোক।

গাছ কাটার কারণ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন (পি অ্যান্ড ডি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য কাটা হচ্ছে কিছু গাছ। কিছু ক্ষেত্রে গাছ রেখেই চালানো হচ্ছে নির্মান কাজ যেমন- ফুটপাত এবং কেন্দ্রীয় খেলার মাঠের পাশে বসার জায়গা। এছাড়াও ইএমই ভবনের গাছগুলো কাটা হয়েছে স্যাঁতসেঁতে পরিবেশ দূর করতে। সেখানে মাঝারি আকারের গাছ লাগানো হবে। অন্যদিকে, গাছ গুলো না কাটলে অনেক সময় ভেতরে নষ্ট হয়ে যায়, কাজে লাগানো যায়না ওগুলোকে। আর, কাটা গাছগুলো বিশ্ববিদ্যালয়ের আসবাব বানাতে কাজে লাগানো হচ্ছে।

চুয়েটে আবারও সবুজায়ন করার জন্য কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হচ্ছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে চারা গাছ লাগাচ্ছি আমরা। একটা এলাকা সবুজ হওয়ার জন্য যতটুকু গাছ থাকা দরকার তার যথেষ্ট সংখ্যক গাছ আছে এখানে।

প্রসঙ্গত, ২০১৯ সালে চুয়েটে হওয়া ১৫ দফা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দফা ছিলো নির্বিচারে গাছ কাটা রোধে ব্যবস্থা নেওয়া। তখন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বৃক্ষ নিধনে সচেতন হওয়ার প্রতিশ্রুতি দেয়।