চুয়েট নিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের (‘১৭ ব্যাচ) সিয়াম নামক এক শিক্ষার্থী চট্টগ্রাম শহরের কাপ্তাই রাস্তার মাথা পরবর্তী বাহির সিগনাল নামক এলাকায় লেগুনা দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে৷
গতকাল মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টায় চুয়েট ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে টিউশনে যাচ্ছিলেন সিয়াম । এসময় লেগুনা যোগে যাবার পথে তার সামনে থাকা একটি বাস হঠাৎ ব্রেক করায় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে সজোরে ধাক্কা দেয়৷ ড্রাইভারের পাশের ছিটে বসার কারনে গুরুতর আহত হয় সিয়াম৷ দূর্ঘটনায় তার বাম পায়ের ফিমার ও ফিবুলা ভেঙ্গে যায় এবং টিবিয়া-ফিবুলায় জটিলভাবে আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানা যায়।
সিয়ামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ তার অস্ত্রপাচার করা হবে বলে জানিয়েছেন সিয়ামের বন্ধুরা ।
সহপাঠীদের সাথে যোগাযোগ করে আরও জানা যায়, সিয়াম টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও অর্থনৈতিকভাবে সাহায্য করে আসছে।
সিয়ামের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছে চুয়েট গ্রিন ফর পিস। এছাড়াও চুয়েট ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ডঃ রেজাউল করিম সিয়ামের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷