পিএমই ‘১৮ ব্যাচের সর্বশেষ “ইন্ডাস্ট্রিয়াল ভিজিট”

মো. ফাহিম রেজাঃ
তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের মাধ্যমেই একজন দক্ষ প্রকৌশলী তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রায়োগিক জ্ঞান অর্জনের নিমিত্তে বিভিন্ন সময় শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় “ইন্ডাস্ট্রিয়াল ভিজিট”।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং (পিএমই) বিভাগের বিদায়ী বর্ষের (‘১৮ ব্যাচ) শিক্ষার্থীদের নিয়ে একটি “ইন্ডাস্ট্রিয়াল ভিজিট” আয়োজন করা হয়। উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ইশতিয়াক মোহাম্মদ খান এবং আকিফ হোসাইন খান এর তত্বাবধানে শিক্ষার্থীরা চট্টগ্রামের পারটেক্স পেট্রো লিমিটেড এ ভ্রমণ করেন।

প্রসঙ্গত, পিএমই ‘১৮ ব্যাচের শিক্ষার্থীরা এর আগে বেশ কয়েকবার ” ইন্ডাস্ট্রিয়াল ভিজিট” এ যায়। এটিই তাদের শেষ বারের মতো নিজ বিভাগ থেকে “ইন্ডাস্ট্রিয়াল ভিজিট” এ যাওয়া।

এ বিষয়ে ইশতিয়াক মোহাম্মদ খান বলেন, এসব ভ্রমণ থেকে প্রাপ্ত জ্ঞান শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে চাকরি জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে। তাছাড়া প্রকৌশল শিক্ষার্থীদের গতানুগতিক পড়াশোনার বাইরে বাস্তবিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে এধরনের “ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশান” এর বিকল্প নেই।

উক্ত বিভাগের ‘১৮ ব্যাচের শিক্ষার্থী মো: সাজিদ ঊল আলম চুয়েটনিউজ২৪’কে জানান, “ইন্ডাস্ট্রিায়াল ভিজিট” শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন। কারণ, কোম্পানি গুলোর সাথে এসকল ভ্রমণের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পায়। পাশাপাশি, একটা ইন্ডাস্ট্রি কীভাবে চলে, এর কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যু সম্পর্কে সুন্দর ধারণা পাওয়া যায়। যা শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন দক্ষ জ্বালানি বিশেষজ্ঞ হতে সাহায্য করবে।